০১ জানুয়ারি, ২০১৭ ১৮:৩৩
সিলেটের ওসমানীনগরে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সারা দেশের ন্যায় ওসমানীনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়। সকাল ১১টায় তাজপুর মঙ্গলচণ্ডী নিশি কান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোজাহীদ আলী, সুন্দর আলী খান সহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।
দুপুরে হযরত শাহজালাল (র.) ফাজিল মাদ্রাসায় বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ শওকত আলী। দুপুর ১২টায় উপজেলার উছমানপুর ইউপির মাদারবাজার এফইউ সিনিয়র আলিম মাদ্রাসায় বই বিতরণ করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর মাওলানা মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদী, শিক্ষক মাওলানা আব্দুল মোছাব্বির রাঙ্গাপুরী, বাবলু তালুকদার, মাওলানা সালেহ আহমদ শারসপুরী, ইব্রাহীম খান, মাওলানা আব্দুল আহাদ কবুলপুরী ও সাংবাদিক নুরুল ইসলাম রাফি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
এছাড়াও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, তাজপুর নূর মিয়া বালিকা বিদ্যালয়, দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়, খুজগীপুর মান উল্লা উচ্চ বিদ্যালয়, খাদিমপুর নছিব উল্লাহ উচ্চ বিদ্যালয়, বেগমপুর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়, ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়, সাদীপুর উচ্চ বিদ্যালয়, সিকন্দরপুর আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়, ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়, মজনু মিয়া একাডেমীসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা ও সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
আপনার মন্তব্য