০১ জানুয়ারি, ২০১৭ ২০:৩১
সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। রোববার (০১জানুয়ারি) দিনব্যাপী বই বিতরণ করেন সাবেক এমপি ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
সকালে স্থানীয় হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, বাইশঘর আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লামাকাজির সৎপুর কামীল মাদ্রাসাসহ বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শফিকুর রহমান চৌধুরী। এর আগে সকাল ১০টায় উপজেলা সদরস্থ মডেল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, আ’লীগ সরকার শিক্ষাবান্ধব হওয়ায় বছরের প্রথম দিনেই সারা দেশের শিক্ষার্থীদের হাতে হাতে বই তুলে দেয়া হচ্ছে। তাই আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনযোগী হতে হবে, ভাল ফলাফল অর্জন করতে হবে। সে জন্যে শিক্ষক অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে এবং শিক্ষার উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার’র সভাপতিত্বে পৃথক পৃথক বই বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সোলায়মান হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মহি উদ্দিন আহমেদ, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব পংকি খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, হাজী মফিজ আলী বালিকা উচ্চ-বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, প্রবাসী আব্দুল মালেক, শিক্ষানুরাগী কবিরুল ইসলাম কবির, কামরুজ্জামান সেবুল, খালেদ আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য