নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০১৭ ১৬:২৭

সিলেটে ১৭৫০ কেজি বৈদ্যুতিক তার সহ আটক ১

র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে ১৭৫০ কেজি বৈদ্যুতিক তার সহ চোরাই চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (১ জানুয়ারি) সকাল ১১ টায় সিলেট নগরীর চন্ডিপুল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটককৃতের নাম মো. মিজান (২৮)। তিনি মিন্সিগঞ্জ জেলার লেইজং থানার কুড়িগাও ব্যাপারী বাড়ির মুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর নবাব রোড এলাকায় বসবাস করছিলেন।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে মিজান জানান, তিনি ও তাঁর সহযোগিরা মিলে বৃহত্তর সিলেট সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিদ্যুতের খুঁটি থেকে বৈদ্যুতিক তার সংগ্রহ করতেন। পরবর্তীতে সংগ্রহকৃত তার কাঁচামাল হিসাবে বিভিন্ন কারখানায় প্রেরণ করতেন।

এ রকমই একটি বড় চালান নিয়ে ঢাকা যাওয়ার পথে র‍্যাবের হাতে বৈদ্যুতিক তার সহ আটক হন মিজান। জব্দকৃত তারের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।

উদ্ধারকৃত বৈদ্যুতিক তার ও গ্রেপ্তারকৃত আসামীকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত