০৪ জানুয়ারি, ২০১৭ ১৭:১১
জকিগঞ্জে বিপুল পরিমাণ জিহাদি বইসহ পৌর জামায়াতের আমির ও ৫ জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ জানুয়ারি) ভোর রাতে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জকিগঞ্জ পৌর জামায়াতের আমির হেলাল আহমদের নেতৃত্বে বুধবার ভোর রাতে উপজেলার আটগ্রাম এলাকার চারগ্রামে জামায়াতের শীর্ষ নেতাদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ জিহাদি বই ও সরকার বিরোধী লিফলেট সহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, জকিগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইউপি মেম্বার আজিজুর রহমান, কাজলশাহ ইউপি জামায়াতের সভাপতি মাওলানা খলিল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ ও সুলতানপুর ইউপি জামায়াতের নেতা মাস্টার আবুল কালাম আজাদ।
জকিগঞ্জ থানার অপারেশন অফিসার ইমরুজ তারেক জানান, 'গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। বুধবার ভোর রাতে নাশকতার পরিকল্পনা করার জন্য তারা জড়ো হলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
এই অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই তারেক।
আপনার মন্তব্য