৩১ মার্চ, ২০১৭ ২২:৫০
মৌলভীবাজার পৌর এলাকার বড়হাটে তিনদিন ধরে চলছে জঙ্গিবিরোধী অভিযান। সেখানকার একটি জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিম। বড়হাট ও আশপাশের এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। স্থানীয়দের নিরাপদে রাখতে করা হয়েছে মাইকিং।
কিন্তু জীবন তো থেমে থাকে না। থেমে থাকে না প্রাত্যহিক জীবনাচরণ। তাই শুক্রবার সকালে সোয়াটের মুহুর্মুহু গুলি ও বোমার শব্দের মধ্যেও দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। বড়হাটের এক বর গাড়ি না পেয়ে হেঁটেই রওনা হলেন বিয়ে করতে!
বরের নাম মো. আশিকুর রহমান শুকুর। মৌলভীবাজার পৌর এলাকার ৬ নম্বর বড়হাট ওয়ার্ডের জঙ্গি আস্তানার কিছুটা দূরে তাঁর বাড়ি। তিনি বিয়ে করতে যাচ্ছেন সদর উপজেলার কাগাবলা গ্রামে। কনে ওই এলাকার শফি মিয়ার মেয়ে।
বর জানান, তিন মাস আগে থেকেই এই বিয়ের দিন ঠিক করা ছিল। সব আয়োজন সম্পন্ন, আত্মীয়স্বজন সবাই এসেছেন। এর মধ্যে বাড়ির পাশেই মিলল জঙ্গি আস্তানা। কিন্তু এত আয়োজনের পর তো আর বিয়ে পেছানো যায় না। তাই তিনি যাচ্ছেন বিয়ে করতে।
বর শুকুর জানান, বিয়েতে আয়োজন-ধুমধামের কোনো কমতি ছিল না। বরযাত্রীদের জন্য দুটি বাস আর দুটি মাইক্রোবাসও তৈরি ছিল। কিন্তু ১৪৪ ধারা জারি থাকায় সবাইকে আলাদাভাবে হেঁটে বাড়ি থেকে বের হতে হয়েছে।
জানা যায়, বড়হাটে জঙ্গি অভিযানের কারণে বাড়ির নারীরা বিয়েতে যেতে পারছেন না। পুরুষরা আলাদাভাবে বেরিয়ে এসে পৌর এলাকার মাছের আড়ত এলাকায় মিলিত হন। সেখান থেকে শহরের বাইরের একটি রাস্তা দিয়ে তাঁরা কাগাবলায় মেয়ের বাড়ির উদ্দেশে রওনা হন।
বর শুকুর আফসোস করে জানান, বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাঁর। কিন্তু এখন সবাই ভোগান্তির শিকার। গুছিয়ে কিছু করা হয়নি এই জঙ্গি আস্তানার কারণে।
গত বুধবার (২৯ মার্চ) থেকে মৌলভীবাজারের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিম। এর আগে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে অভিযান চালায় সোয়াট। সেখানে নিহত হয় নারী ও শিশুসহ ৮ জন।
সূত্র: এনটিভি অনলাইন
আপনার মন্তব্য