নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০১৭ ১৬:২৮

আতিয়া মহলে নিহত দুই জঙ্গির দাফন সম্পন্ন

সিলেটের শিববাড়ি এলাকার আতিয়া মহলে নিহত দুই জঙ্গির লাশের দাফন সম্পন্ন হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

শনিবার (১ এপ্রিল) বিকাল ৩টার দিকে মানিকপীর টিলায় তাঁদের দাফন করা হয়।  

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা তাঁদের দাফনের বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন পরিচয় সনাক্ত করতে না পারায় বেওয়ারিশ হিসেবে তাঁদের লাশ পুলিশের পক্ষ থেকে দাফন করা হয়েছে। আর আতিয়া মহলের ভিতরে এখনো দুটি লাশ রয়ে গেছে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দলের অভিযানের পর সেগুলো বের করে আনা হবে।

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় অবস্থিত আতিয়া মহল বৃহস্পতিবার গভীর রাত থেকে ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সিলেটে গিয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থল ঘেরাও করে।

এরপর শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। এ অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যায় সিলেটে পুলিশ চেকপোস্টে দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত এবং ৪৪ জন আহত হন।

সোমবার তৃতীয় দফা সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, অভিযানে এ পর্যন্ত চার জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে আছে তিন পুরুষ ও এক নারী।

আপনার মন্তব্য

আলোচিত