নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:৫৩

সিলেটে বেগম জিয়ার গাড়িচাপায় সাংবাদিক আহত

সিলেটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িচাপায় এক ফটো সাংবাদিক আহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৪৫ মিনিটে এ ঘটনাটি ঘটে।

বর্তমানে হযরত শাহজালাল (রা:) ও হযরত শাহপরান (রা:) মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর দক্ষিণ সুরমার চণ্ডিপুল হয়ে সিলেটে প্রবেশ করে।

এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলানিউজ২৪ডটকম’র ফটো সাংবাদিক আবু বকর খালেদা জিয়ার গাড়ী চাপায় গুরুতর আহত হন। বর্তমানে সে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ৯ নং (অর্থোপেডিক্স) ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘বাংলানিউজ২৪ডটকম’র সিলেটের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, বকর তার পেশাগত দায়িত্ব পালনের সময় বিএনপি নেতাকর্মীদের ভিড়ের মধ্যে পরে তাদের ধাক্কায় নিচে পড়ে যায়। এসময় বেগম জিয়ার গাড়িটির বাম দিকের সামনের চাকাটি তার ডান পায়ের গোড়ালিয় উপর দিয়ে চলে যায়। এসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার পায়ার এক্সরে করা হলে চিকিৎসকরা জানান তার ডান পায়ের গোড়ালি ভেঙ্গে গেছে।

এদিকে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমন একটি খবর আমি শুনেছি।”

আপনার মন্তব্য

আলোচিত