গোলাপগঞ্জ প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:০০

গোলাপগঞ্জে ছাত্রদলের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, মামলা দায়ের

সিলেটের গোলাপগঞ্জে ছাত্রদলের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, রোববার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে উপজেলা পৌর ছাত্রদল পৌর এলাকার গোডাউন রোডের কদমতলীতে মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে মিছিলকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।

এ সময় পুলিশ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সুফিয়ান আহমদ খান সহ ছাত্রদল কর্মী উপজেলার লক্ষ্মীপাশা ইউপির নিমাদল পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর আলম জাকির(৩৫), ফুলবাড়ী ইউপির হাজীপুর লরিফর এলাকার আরব আলীর ছেলে ফয়েজ আহমদ(৩০), হেতিমগঞ্জ মোল্লাগ্রাম এলাকার আজমল আলীর ছেলে রায়হান আহমদ(২০) ও সাজু আহমদ (২৪)।

এ ঘটনায় ওই দিন রাতেই গোলাপগঞ্জ মডেল থানার এ.এস.আই কামাল আহমদ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারকৃত ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং ০১/০৪-০২-১৮ ইং)।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত