০৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:৩৪
সিলেট বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম বলেন, সেবা প্রত্যাশীরা যাতে নির্বিঘ্নে ও দ্রুততম সময়ে পাসপোর্ট ও ভিসা সেবা পায় তা নিশ্চিত করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকতে হবে। সরকার ২০১০ সালে মেশিন রিডেবল ভিসা প্রবর্তন করার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের পাসপোর্ট ও ভিসার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশী জনগণের বিদেশ গমন সহজতর হয়েছে। সরকার প্রবাসীদের সুবিধার্থে অচিরেই ই-পাসপোর্ট প্রবর্তন করতে যাচ্ছে।
সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট বিভাগীয় পাসর্পোট ও ভিসা অফিসে 'পাসপোর্ট নাগরিক অধিকার, নি:স্বার্থ সেবাই অঙ্গীকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৮ এর উদ্বোধনকালে এ কথাগুলো বলেন তিনি।
সপ্তাহব্যাপী এই সেবা ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সেবা সমূহের মধ্যে রয়েছে, পাসপোর্ট ফরম পূরণ পূর্বক তথ্য সহায়ক লিফলেট প্রদান, গ্রাহকদের সেবার মান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য কেন্দ্র, অফিস দালাল মুক্তসহ সঠিক সময়ে পাসপোর্ট সরবরাহের নিশ্চয়তা প্রদান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক এ কে এম মাজহারুল ইসলাম, উপ সহকারী পরিচালক ফরিদ উদ্দিন, অফিস কর্মকর্তা জসিম উদ্দিন, তৌফিকুর রহমান, দিপক কুমার দাস সহ পাসপোর্ট করতে আসার সকল শ্রেণীর গ্রাহকেরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পাসর্পোট ও ভিসা অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
আপনার মন্তব্য