১১ ফেব্রুয়ারি , ২০১৮ ২১:০৯
ছাতকে ছাদিক মিয়া (২৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ স্থানীয় কৈতক হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করেছে। তবে নিহত ছাদিকের পরিবারের স্বজনদের দাবী, সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি (সদুখালি) গ্রামে এ ঘটনা ঘটে। সে গ্রামের আবদুর রহমান ওরফে কনর মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে হঠাৎ করে পরিবারের স্বজনদের সাথে মানসিক রোগীর মতো আচরণ শুরু করে ছাদিক। ওই সময় বাড়ীর লোকজনকে দা-সহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তার পিতাসহ পরিবার ও অন্য লোকজনের উপর একাধিকবার হামলা করে। এক পর্যায়ে বাড়ীর লোকজন ছাদিককে আটক করে একটি ঘরে লোহার শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখেন। রোববার সকালে তালাবদ্ধ ঘরে পরিবারের লোকজন ছাদিককে দেখতে গেলে লোহার শিকলটি গলায় পেছানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নির্মল দেব নাথ জানান, নিহত ওই যুবকের গলায় দাগ পাওয়া গেছে। ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত রহস্য বলা যাচ্ছে না।
আপনার মন্তব্য