১৬ ফেব্রুয়ারি , ২০১৮ ২০:২৪
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের সংঘর্ষে প্রবাসী এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ব্যক্তি ওমান প্রবাসী সফু মিয়া (৪০)। আহতরা হলেন, গোলজার হোসেন (২৮), ফজলু মিয়া (৫৫), সোহাত মিয়া (২৮), রেজওয়ান জিম্মাদার (২৫), জুয়েল (১৬), রোহেল মিয়া (২০), সুহেল (১৬), সালেহ (২৬), সুরত মিয়া (৩০), লিপন মিয়া (২৪)।
তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, গ্রামের একখণ্ড জমি নিয়ে স্থানীয় রাজা মিয়া ও জাবিছ আহমেদ জিম্মাদের মধ্যে বিরোধ চলছিল। এনিয়ে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুপুরে সংঘর্ষ হয়।তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাজা মিয়ার ছোট ভাই সফুর মৃত্যু হয়।
এব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনূর রশীদ চৌধুরী বলেন, দু'পক্ষের মধ্যে বিরোধে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে, পুলিশ ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য