১৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:২৭
বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় পাঁচ বছরের জেল দেয়া হয়েছে। তাকে পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে। এ জন্য তাদের বিচার হবে।
শনিবার সকালে নগরীর মধুবন মার্কেটের সামনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
সিসিক মেয়র আরিফ বলেন, খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে রেখে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার। বর্তমান সরকার সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়েছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা দেউলিয়া হয়েছে বলেই আজকে খালেদা জিয়ার বিরদ্ধে মামলা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তিনি বলেন, দেশবাসীকে সাথে নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান জুলুমবাজ সরকারের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে।
গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, জেলা সহ-সভাপতি এডভোকেট আব্দুল গাফফার, সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সহ-সভাপতি আশিক চৌধুরী, মহানগর বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপি নেতা নজিবুর রহমান নজিব, মো: মইনুল হক, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল সহ সিলেট মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিয়া অরাফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পয় এটি বিএনপির তৃতীয় দফা কর্মসূচি। এর আগে ৯ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি, ১০ ফেব্রুয়ারি থানা, উপজেলা, জেলা মহানগরে প্রতিবাদ সমাবেশ, ১২ ফেব্রুয়ারি মানববন্ধন, ১৩ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ও ১৪ ফেব্রুয়ারি অনশন কর্মসূচি পালন করে বিএনপি।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির এই পাঁচদিনের কর্মসূচি পালন ছাড়াও বিদেশি কূটনৈতিক, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, পেশাজীবী, আইনজীবী ২০ দলীয় জোটসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের সিনিয়র নেতারা।
আপনার মন্তব্য