২২ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:১৮
ছড়া দখল করে গড়ে ওঠা বহুতল ভবন ভেঙ্গে উদ্ধার অভিযানে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনভর নগরীর মদিনা মার্কেট থেকে লামাবাজার সরষপুর পর্যন্ত অভিযান চালিয়ে ভাঙ্গা হয় বেশ কয়েকটি ভবন। বর্ষায় যাতে নগরবাসী জলাবদ্ধতায় নাকাল হতে না হয় সেজন্য অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিসিক মেয়র।
আরিফুল হক চৌধুরী জানান, ‘বর্ষা শুরু হলেই নগরীতে জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতা নিরসনে নগরীর ছড়া খাল ছেড়ে দেওয়ার জন্য সিসিক থেকে নির্দেশনা দেওয়া হয়। অনেকেই নির্দেশনা অনুযায়ী স্ব-উদ্যোগে খাল ও ছড়ার জমি ছেড়ে দেন। আর যারা সময় দেওয়ার পরও ছড়া খালের দখল ছাড়েননি তাদের ভবন ভাঙ্গার কাজ শুরু করা হয়েছে’।
মেয়র জানান, “মদিনা মার্কেট এলাকায় বেশ কয়েকটি ভবনের বর্ধিত অংশ ভাঙ্গা হয়েছে। এসব ভবন ভাঙ্গার ফলে ছড়া ও খাল অনেকটা প্রশস্ত হয়েছে। এখন বৃষ্টি হলে জলাবদ্ধতা অনেকটা কমে যাবে”।
এর আগে নগরীর ছড়া ও খাল কিছুটা মুক্ত করায় গত কয়েক বছর নগরীতে জলাবদ্ধতা হয়নি বলেও জানান তিনি।
সকালে মদিনা মার্কেট এলাকায় অভিযানের পর দুপুরে লামাবাজার এলাকায় ছাড়া খাল উদ্ধার অভিযান শুরু হয়। সরষপুর এলাকার ছায়ানীড় ১৬/২ ব্যবসায়ী আব্দুল গণির বাড়ির তিনতলা ভবন ভাঙ্গার কাজ শুরু হয়।
সিসিক’এর সার্ভেয়ার বেনু শর্মা জানান, ৫৬ সালের রেকর্ড অনুযায়ী গনি মিয়ার বাড়ির বেশ কিছু অংশ খালের উপর পড়েছে। তাই খাল থেকে ৪ ফুট ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। সে লক্ষে ওই ভবন ভাঙ্গা শুরু করা হয়েছে। ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি ছড়া ও খালের উপর তৈরি করা হয়েছে। মেয়রকে এসব ভবনের তালিকা দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ চলছে বলেও জানান তিনি।
দুপুরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সরষপুর এলার ছাড়া উদ্ধার অভিযানে গেলে এসময় তার সঙ্গে ছিল প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল ইসলাম ও আব্দুস সোবহান।
আপনার মন্তব্য