সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াইয়ে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক এসে ট্রাকে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। এতে হতাহতের কোন খবর পাওয়া যায় নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।
একজন প্রত্যক্ষদর্শী সিলেট টুডে ২৪ কে জানান; দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের লাউয়াই নামক স্থানের পূবালী ব্যাংকের সামনে ট্রাকটি দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক এসে পেট্রোল ঢেলে ট্রাকে আগুন দিয়ে তৎক্ষণাৎ পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে আগুন নেভান। এতে ট্রাকের সামনের পুড়ে যায় অংশ ক্ষতিগ্রস্থ হয়। আকস্মিক এই ঘটনায় স্থানীয়রা হতবাক হয়ে যান। দোকানপাটও বন্ধ করে দেন অনেক ব্যবসায়ী।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, লাউয়াইতে একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের সহযোগিতায় কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। এতে তেমন কোন ক্ষতি হয় নি এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা হয় নি।
ট্রাকে আগুন দেওয়ার পর মোগলাবাজার এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আপনার মন্তব্য