নবীগঞ্জ প্রতিনিধি

০৪ মে, ২০১৮ ০১:৩৩

নবীগঞ্জে বহুমাত্রিক জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জের নবীগঞ্জে সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত মুক্তিযুদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ শীর্ষক বহুমাত্রিক জ্ঞানের প্রতিযোগিতা মেধাবী পর্ব ৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলনের সভাপতিত্বে ও দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়ের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, ঢাকা সেনা নিবাসের রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রশিদ মিয়া, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, অভিভাবক শিরীন আক্তার, উপজেলা শিক্ষা একাডেমীর অধ্যক্ষ কাঞ্চন বনিক।

বক্তারা তাদের বক্তব্যে মানসম্মত শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠানের  ৪২ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থসহ শিক্ষা উপকরণ, মুক্তিযুদ্ধ ভিত্তিক বই, সনদ এবং প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হয়।

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় বহুমাত্রিক জ্ঞানের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

আপনার মন্তব্য

আলোচিত