নিউজ ডেস্ক

১৬ জুলাই, ২০১৮ ২২:৪৭

কামরানের সমর্থনে মির্জাজাঙ্গালে মতবিনিময় সভা

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে নগরীর মির্জাজাঙ্গালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে মির্জাজাঙ্গাল বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়কারী অধ্যক্ষ সুজাত আলী রফিক।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মো. আব্দুল জলিলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি মামুন আহমদ, শিক্ষক ফোরাম সিলেট জেলা সভাপতি বাহার উদ্দিন আখন্দ ও বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি এলাইছ মিয়া।

এসময় উপস্থিত ছিলেন- নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ, উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, অধ্যাপক সালাউদ্দিন বেলাল, আব্দুল মালিক রাজু, আব্দুল মুমিত, খসরুজ্জামান তফাদার, বেলাল আহমদ, ফজলুর রহমান, প্রিন্সিপাল ময়নুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক অধ্যক্ষ মশিউর রহমান ইয়াহইয়া প্রমুখ।

সভায় বদর উদ্দিন আহমদ সিটি নির্বাচনে সকলের সমর্থন ও দোয়া চেয়ে বলেন, সিলেট নগরবাসী আমার আত্মার আত্মীয়। সুখ-দুঃখে সর্বদা আমি নগরবাসীর কাছে রয়েছি। তিনি বলেন, সিলেটবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধিই আমার জীবনের একমাত্র লক্ষ্য। তাই আমি সিলেট নগরের আধুনিকায়ন ও নগরবাসীর জীবনমান উন্নয়নে একনিষ্টভাবে কাজ করেছি। জীবনের বাকি সময়টুকুও সিলেটবাসীর সেবায় কাটাতে চাই। আমার বিশ্বাস এবারের নির্বাচনে নগরবাসী নৌকা প্রতীককে বিজয়ী করে আবারও আমাকে তাদের সেবা করার সুযোগ দেবেন।

সভায় বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সিটি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস দিয়ে বলেন, সিলেট নগরী ও নগরবাসীর সার্বিক উন্নয়নে বদর উদ্দিন আহমদ কামরানের বিকল্প নেই। তিনি অতীতেও সিলেটবাসীর অভিভাবক হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। নিজের কর্মতৎপরতা ও ভালোবাসায় তিনি নগরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। কামরান মেয়র নির্বাচিত হলে সিলেট নগরীর প্রতিটি এলাকার বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া লোকজন শিক্ষার আলো আলোকিত হবেন।

আপনার মন্তব্য

আলোচিত