বাংলা একাডেমি লেখক অভিধান: লেখকদের কাছে তথ্য আহ্বান, আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট

 প্রকাশিত: ২০২৬-০৮-০৯ ১৭:৫৩:৩৫

 আপডেট: ২০২৬-০৮-০৯ ১৭:৫৫:২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলা একাডেমি প্রকাশিত ‘বাংলা একাডেমি লেখক অভিধান’-এর পরিমার্জিত ও পরিবর্ধিত নতুন সংস্করণ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশ ও বিদেশে (প্রবাসী) অবস্থানরত বাংলাদেশি লেখকদের কাছ থেকে জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় তথ্য আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।

আজ রোববার (৯ আগস্ট) বাংলা একাডেমির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত অনলাইন গুগল ফর্মের মাধ্যমে লেখকদের তথ্য পাঠাতে হবে।

লেখক অভিধানে নাম অন্তর্ভুক্তির জন্য বাংলা একাডেমি কিছু নির্দিষ্ট শর্ত নির্ধারণ করেছে:
বয়সসীমা: লেখকের জন্ম হতে হবে ৩১ ডিসেম্বর ১৯৯০ বা তার পূর্বে।
গ্রন্থের সংখ্যা: লেখকের কমপক্ষে ৩টি মানসম্পন্ন প্রকাশিত গ্রন্থ থাকতে হবে।
তথ্য হালনাগাদ: যাদের নাম পূর্ববর্তী সংস্করণে ইতিমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, তারাও নতুন তথ্য সংযোজন বা হালনাগাদ করে জমা দিতে পারবেন।

আবেদনকারী লেখকদের জীবনবৃত্তান্তের পাশাপাশি প্রয়োজনীয় সনদ ও নথিপত্র সংযুক্ত করতে হবে।

প্রয়োজনীয় তথ্য: লেখকের নাম, পিতা ও মাতার নাম, স্বামী/স্ত্রীর নাম, জন্মস্থান, জন্মতারিখ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা (প্রতিষ্ঠান, পাসের সাল, বিভাগ/শ্রেণি, এমফিল/পিএইচডি অভিসন্দর্ভের শিরোনাম), পেশা, প্রকাশিত গ্রন্থের বিবরণ (বিষয়, প্রকাশক ও প্রকাশনাকালসহ) এবং প্রাপ্ত জাতীয় বা আন্তর্জাতিক পুরস্কারের নাম ও অর্জন করার সাল।

প্রয়োজনীয় সংযুক্তি:
১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের অনুলিপি
২. জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধনের অনুলিপি
৩. প্রকাশিত গ্রন্থসমূহের ইনার পেজের অনুলিপি
৪. সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি

আবেদন পদ্ধতি
বাংলা একাডেমি জানিয়েছে, তথ্য ও নথিপত্র জমা দেওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হবে। সরাসরি বা সশরীরে একাডেমিতে কোনো তথ্য-প্রমাণক জমা নেওয়া হবে না।

আগ্রহী লেখকদের নির্ধারিত গুগল ফর্মের (https://forms.gle/ZveccpJEPLpzwbgU7) মাধ্যমে আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে তথ্য পাঠাতে অনুরোধ করা হয়েছে।

আপনার মন্তব্য