১৯ জুলাই, ২০১৮ ১৯:১১
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফলাফলের দিক দিয়ে শীর্ষে রয়েছে বিজ্ঞান বিভাগ।
এ বছর সিলেট শিক্ষাবোর্ডে ৮৩ দশমিক ১৬ শতাংশ পাস করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ ছাড়া মানবিক ও ব্যবসায় পাসের হার যথাক্রমে ৫৫ দশমিক ১৯ ও ৬৮ দশমিক ১০ শতাংশ।
বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে শিক্ষাবোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণাকালে বিভিন্ন দিক তুলে ধরেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২২৮টি প্রতিষ্ঠান থেকে ৭১ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে ৭১ হাজার ৪২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ৪৪ হাজার ১২৭ জন। যার মধ্যে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ১ শত ৪৫ জনের মধ্যে পাস করে ১০ হাজার ১ শত জন। মানবিক বিভাগে ৪৭ হাজার ১ শত ১৪ জনের মধ্যে পাস করেছে ২৬ হাজার ৩ জন ও বাণিজ্য বিভাগে ১১ হাজার ৭ শত ৮৩ জনের মধ্যে পাস করেছে ৮ হাজার ২৪ জন শিক্ষার্থী।
প্রসঙ্গত, এবার এ বোর্ডের অধীনে ২২৮টি প্রতিষ্ঠান থেকে ৭১ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে ৭১ হাজার ৪২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ৪৪ হাজার ১২৭ জন। গড় পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ।
এবছর ইংরেজি ও আইসিটিতে অকৃতকার্য হয়েছে বেশি। ইংরেজিতে পাসের হার ৭০.৯৬। যা গতবার ছিল ৮৩ শতাংশ এবং আইসিটিতে পাসের হার ৮৮ শতাংশ। যা গতবার ছিলো ৯২ শতাংশ। এ বছর ফলাফল সার্বিক খারাপ হলেও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীরা সংখ্যা বেড়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৭০০ জন। এবার পেয়েছেন ৮৭৩ জন।
ফলাফলে দেখা যায়, পাসের হারের দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। ছেলেদের মধ্যে ৩২ হাজার ৫৬১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১৯ হাজার ১৪৬ জন এবং ৩৮ হাজার ৪৮১ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ২৪ হাজার ৯৪১ জন। ছেলেদের পাসের হার ৫২.৯২ এবং মেয়েদের পাসের হার ৬৪.৮১ শতাংশ।
আপনার মন্তব্য