২৪ জুলাই, ২০১৮ ১৭:০৭
হবিগঞ্জের মাধবপুর উপজেলার খরস্রোতা সোনাই নদীতে নৌকাডুবির ঘটনায় স্কুলছাত্রী তলিয়ে যাওয়ার দুইদিন পার হলেও এখনো তার কোন সন্ধান মেলেনি। গ্রামবাসী নদীর বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত রেখেছে।
সোমবার (২৩ জুলাই) সকাল ৮টায় মাধবপুর উপজেলার কুটানিয়া দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীর ছাত্রীসহ ১০-১২ জন শিশু নৌকাযোগে সোনাই নদী পারাপারের সময় খরস্রোতা নদীতে নৌকা ডুবে যায়। এ সময় অন্যরা তীরে উঠতে সক্ষম হলেও ঝুমা নদীতে তলিয়ে যায়।
ঝুমা উপজেলার তেলিয়াপাড়া গ্রামের বাদশা মিয়ার মেয়ে। স্ত্রী শামসুন নাহারের সাথে বাদশা মিয়ার ২ বছর আগে বিবাহ বিচ্ছেদ হলে শামসুন নাহার প্রবাসে চলে যান।
এরপর থেকে কুটানিয়া দিঘীরপার নানা আবুল খায়েরের বাড়িতে থেকে ঝুমা লেখাপড়া করত। ওইদিন সকালে ১০-১২ জন শিশুর সঙ্গে মক্তব পড়ে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে ঝুমা নিখোঁজ হয়।
ইউপি সদস্য ধনু মিয়া জানান, ঝুমার সন্ধানে গ্রামবাসীর উদ্যোগে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চলছে। সরকারিভাবে এখনো কোন ডুবুরি দল আসেনি।
আপনার মন্তব্য