শ্রীমঙ্গল প্রতিনিধি

২৬ জুলাই, ২০১৮ ১৮:৪৪

শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা, শপথ পাঠ ও প্রশিক্ষণ

ইয়েস ফ্রেন্ডস গ্রুপ শ্রীমঙ্গলের উদ্যোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহায়তায় শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ছাত্রীদের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলায় দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা, শপথ বাক্য পাঠ ও তথ্য অধিকার আইনের বহুল প্রচারের উদ্দেশ্যে আরটিআই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) শ্রীমঙ্গল গার্লস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অসিত কুমার পালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানের শুরুতেই শ্রীমঙ্গল গার্লস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক এবং ছাত্রীদের নিয়ে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান সনাকের সহসভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য। দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা, আরটিআই প্রশিক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা করেন সনাক শ্রীমঙ্গল সদস্য ও ইয়েস ফ্রেন্ডসের আহবায়ক জিডিশন প্রধান সুছিয়াং।

এরপর শুরু হয় তথ্য অধিকার আইনের বহুল প্রচারের উদ্দেশ্যে আরটিআই প্রশিক্ষণ। প্রশিক্ষণটি পরিচালনা করেন টিআইবি এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী এবং সহকারী ব্যবস্থাপক মাহবুব আলম।

প্রায় দুই ঘণ্টার এই প্রশিক্ষণে অত্র প্রতিষ্ঠানের দেড় শতাধিক ছাত্রীদের হাতেকলমে আরটিআই প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত জানতে পারে।

সব শেষে দুর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরায় শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সনদ এবং পুরস্কার বিতরণ করা হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দশম শ্রেণির ছাত্রী রুপা দেব, দ্বিতীয় স্থান অধিকার করে নবম শ্রেণির ছাত্রী মাহিমা আলম মাহি, তৃতীয় স্থান অধিকার করে দশম শ্রেণির ছাত্রী রাহেলা জান্নাত সুইটি। বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ অসিত কুমার পাল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সনাক শ্রীমঙ্গল সদস্য ও ইয়েস ফ্রেন্ডসের আহবায়ক জিডিশন প্রধান সুছিয়াং, মো. রহমত আলী, শ্রীমঙ্গল গার্লস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ এবং ইয়েস সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) শ্রীমঙ্গলের এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী।

আপনার মন্তব্য

আলোচিত