সিলেটটুডে ডেস্ক

২৮ জুলাই, ২০১৮ ১৮:৩৬

কালো টাকা ও দুর্নীতিমুক্ত নগরী গড়ে তুলতে চান আবু জাফর

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

সিসিক নির্বাচনের সিপিবি-বাসদের মেয়র প্রার্থী বাসদ জেলা সমন্বয়ক শ্রমিক নেতা আবু জাফর নাগরিক অধিকার প্রতিষ্ঠা করে কালো টাকা, পেশীশক্তি ও দুর্নীতিমুক্ত সকলের বাসযোগ্য নগরী গড়ে তুলতে মই মার্কায় ভোট দিতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

শনিবার (২৮ জুলাই) দিনব্যাপী নগরীর সুবিদবাজার, কলাপাড়া, হাজীপাড়া, লোহার পাড়া, কাজিটুলা, আম্বরখানা, করেরপাড়া, কালিবাড়ী, মদিনা মার্কেট, রিকাবীবাজার, বন্দর এলাকায় গণসংযোগ ও পৃথক পথসভায় এই আহবান জানান।

তিনি বলেন, আমরা সিলেটের বিভিন্ন সমস্যা সংকট নিয়ে এবং বাসযোগ্য নগরী গড়ে তুলতে ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছি, সেই আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।

আবু জাফর বলেন, আমরা অতীতে সিলেটের গ্যাস সংযোগ বন্ধের প্রতিবাদে আন্দোলন করেছি, আন্দোলন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছি কিন্তু আন্দোলন থেকে সরে যাইনি, আন্দোলনের মাধ্যমে আবার গ্যাস সংযোগের দাবি আদায় করেছি। একইভাবে ভারত সরকার যখন টিপাইমুখে বাঁধ নির্মাণ করে মরুভূমি বানানোর ষড়যন্ত্র করেছিল তখন আমরা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে সিলেটকে মরুভূমি হওয়ার হাত থেকে রক্ষা করেছি। জনগণ তাই আমাদের আন্দোলনের মূল্যায়ন করে মই মার্কায় ভোট দিয়ে আমাদের নির্বাচিত করবে বলে আশা রাখি।

পথসভাগুলোতে বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় মেয়র প্রার্থী আবু জাফর ছাড়া আরও বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সদস্য সচিব জুবায়ের আহমদ সুমন, মৌলভীবাজার জেলা বাসদ সদস্য এডভোকেট বদরুল হোসেন, সৈয়দ ফখরুল হক, সিপিবি জেলার যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলার আহবায়ক নাজিকুল ইসলাম রানা, যুব ইউনিয়ন জেলার সাধারণ সম্পাদক বি.এইচ. আবির, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন দাস খোকন, শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রাহাত আহমদ, শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, চা শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক দিপংকর ঘোষ, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহসভাপতি আল কাদেরী জয়, সদস্য হযরত আলী রাজীব, এডভোকেট রনেন সরকার রনি, মহানগর সভাপতি পাপ্পু চন্দ, সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমদ, ছাত্র ইউনিয়ন নেতা নাবিল এইচ, পার্থ প্রতীম তালুকদার প্রমুখ।

এছাড়া দিনব্যাপী গণসংযোগে মেয়র প্রার্থী আবু জাফরের সাথে ছিলেন, শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য রাহাত আহমদ, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহসভাপতি আল কাদেরী জয়, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য হযরত আলী রাজীব, শ্রমিক ফ্রন্ট নেতা রুমন বিশ্বাস, ছাত্র ফ্রন্ট মহানগর সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমদ, ছাত্র ইউনিয়ন নেতা নাবিল এইচ, ইমন দেব, পার্থ প্রতীম তালুকদার, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা অমৃত মোহন্ত, এনামুল হক সামী, তাহমিনা, হাবিব হোসাইন, শাম্মা আক্তার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত