২৯ জুলাই, ২০১৮ ১৯:৪০
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকরা ভোটকেন্দ্রের ভেতরের ভিডিও ধারণ করতে পারবেন না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান।
রোববার (২৯ জুলাই) নগরীর মেন্দিবাগ এলাকায় নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, সাংবাদিকরা ভোটকেন্দ্রের ভেতরে যেতে পারবেন, কিন্তু ভিডিও নিতে পারবেন না।
“আপনারা স্ন্যাপ তুলতে পারবেন, নট ভিডিও। গোপন কক্ষে তো আপনি যেতেই পারবেন না। আমাদের নির্বাচন কমিশনার মহোদয় যেটা বলে গেছেন, ভিডিও আপনারা বাইরে করবেন, কিন্তু ভেতরের শুধু স্ন্যাপ নিতে পারবেন। ভোট গণনার সময় আপনারা ভিডিও করতে পারবেন না।”
উপস্থিত সাংবাদিকরা এ সময় রিটার্নিং কর্মকর্তাকে বলেন- সংবাদ সংগ্রহ ও প্রচার বিষয়ে নির্বাচন কমিশনের দেওয়ায় নির্দেশনায় ভিডিও ধারণে কোনো বাধার কথা বলা নেই। তারপরও ভোটকেন্দ্রের ভিডিও নিতে বাধা কোথায়?
জবাবে আলীমুজ্জামান বলেন, “কমিশনার মহোদয়ের নির্দেশনা আছে। আমি কোনো মন্তব্য করতে চাইছি না।”
সাংবাদিকরা এসময় তাকে বলেন- বিষয়টি স্পষ্ট না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাছাড়া অন্যায়ভাবে কেউ ব্যালটে সিল মারলে সেই ভিডিও নিতে সমস্যা কোথায়?
রিটার্নিং অফিসার প্রথমে এপ্রশ্নের কোন উত্তর দেন নি। এরপর বার বার প্রশ্নের মুখে তিনি বলেন, “এটা হয়ে যাবে।”
উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। ২৭টি ওয়ার্ডে মোট ১৩৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে।
আপনার মন্তব্য