বালাগঞ্জ প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০১৮ ১৫:৩৭

বালাগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৭

বালাগঞ্জ উপজেলার হরিশ্যাম গ্রামে এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং বাসিন্দাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোররাতে এ ঘটনাটি ঘটে।

আহত ৫ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- আব্দুল কাদির (৫৫), আইয়ুব আলী (৩৫), সাহেদ আহমদ (২২), আব্দুল কুদ্দুছ (২৫) এবং ফয়ছল আহমদ (২২)।

বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন হামলা এবং বসতবাড়িতে ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার স্থানীয় পশ্চিম গৌরীপুর ইউনিয়নের হরিশ্যাম (উত্তর) গ্রামের দুই প্রতিবেশী হাজী আব্দুল খালিক এবং আব্দুল কালাম গংদের মধ্যে দীর্ঘদিন যাবত ভূমি সংক্রান্ত বিরোধ চলছে। বিশেষ করে আব্দুল খালিকের নির্মাণাধীন বসতবাড়িকে কেন্দ্র করে উভয়পক্ষে মালিকানা দাবি নিয়ে ইতিপূর্বে মামলা, হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টার দিকে প্রতিপক্ষের লোকজন হাজী আব্দুল খালিকের বাড়িতে হামলা করে। হামলাকারীরা ভবনের ছাদে উঠে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ছাদের অন্তত ১৪টি স্থানে ফুটো করে দেয় এবং ভবনে বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাড়িতে থাকা গৃহকর্তা হাজী আব্দুল খালিকসহ তার পরিবারের লোকজনকে হামলাকারীরা ধারালো ‘অস্ত্রশস্ত্র’ দিয়ে আঘাত করে। এ সময় হট্টগোল শুনে স্থানীয় পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধুসহ এলাকাবাসী ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে রাতেই বালাগঞ্জ থানার এসআই কামরুল হুসাইনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

হামলার শিকার গৃহকর্তা হাজী আব্দুল খালিক, তার ছেলে সুন্দর আলী, মেয়ে রিনা বেগম অভিযোগ করেন, তাদের প্রতিবেশী আব্দুল কালামের নেতৃত্বে ৫০/৬০ জন লোক ভোররাত আনুমানিক ৩টার সময় তাদের বাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা তাদের ঘরের ছাদের অন্তত ১৪টি স্থানে ফুটো করে দিয়েছে। পাশাপাশি ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। 'হামলাকারীরা গৃহে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং তাদের হটিয়ে বাড়ির দখল নেয়ার চেষ্টা করেছে' বলে তারা অভিযোগ করেন। তারা বলেন, ‘আমাদের সৌরবিদ্যুতের সোলার, দেয়ালসহ ভবনের বিভিন্নস্থানে তারা হামলা ও ভাঙচুর চালিয়েছে’।

এ বিষয়ে আলাপকালে পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার সময় কয়েক দফা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

এদিকে হামলা এবং গুলি বর্ষণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল কালাম এ ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। তিনি জানান, এ হামলা এবং গুলি বর্ষণের ঘটনার সাথে তারা জড়িত নন। তিনি দাবি করেন, গত কয়েকদিন যাবত তিনি রাজধানী ঢাকায় অবস্থান করছেন। বিস্তারিত জানেন না।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন আব্দুল খালিকের বাড়িতে হামলার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গুলি বর্ষণের বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন। এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত