২৪ অক্টোবর, ২০১৮ ১৭:২৯
মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ দিনব্যাপী ফটোগ্রাফিক ট্যুরিস্ট গাইড প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে কমলগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. বাদশাহ ফয়সাল, লেখক ও গবেষক আহমদ সিরাজ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণের মূল উদ্যোক্তা উপজেলা নির্বাহী মোহাম্মদ মাহমুদুল হক বলেন, কমলগঞ্জ উপজেলা একটি পর্যটন এলাকা। দেশ-বিদেশের বহু পর্যটক কমলগঞ্জের লাউয়াছড়া, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, আদমপুরের ভানুবিল মাঝেরগাঁও কমিউনিটি বেইজড ট্যুরিজম এলাকা ঘুরতে আসেন। এ সময় স্থানীয় সৌখিক অনেক ফটোগ্রাফার পর্যটকদের ছবি তুলে দেন। তবে তাদের নেই কোন ফটোগ্রাফিক প্রশিক্ষণ। প্রশিক্ষণ নিয়ে স্থানীয় ফটোগ্রাফাররা সহজেই একটি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এ লক্ষ্যেই উপজেলা পরিষদের আয়োজনে ২৪ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী এ ফটোগ্রাফিক ট্যুরিস্ট গাইড প্রশিক্ষণের শুরু করা হয়।
উপজেলার কয়েকটি এলাকার মোট ২৫ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়। আগামী ২৯ অক্টোবর এ প্রশিক্ষণ শেষ হবে।
আপনার মন্তব্য