নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০১৮ ১৭:৪৭

এক সপ্তাহের মধ্যে টের পাবেন, সরকারকে দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আওয়ামী লীগ সরকারের উদ্দেশে বলেছেন, দ্রুত পদত্যাগ করুন নইলে আগামী এক সপ্তাহের মধ্যে টের পাবেন। জনগণের দাবি মেনে না নিলে আপনাদের ছাল-বাকলও থাকবে না।

বুধবার (২৪ অক্টোবর) বিকালে সিলেটের রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের জবাবে এসব কথা বলেন।

সমাবেশে দুদু বলেন, ‘সৌদি আরব থেকে ফিরে প্রধানমন্ত্রী বলেছেন, ছাল-বাকল দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। আমরা বলতে চাই, দ্রুত পদত্যাগ করুন। নইলে আগামী এক সপ্তাহের মধ্যে টের পাবেন। জনগণের দাবি মেনে না নিলে আপনাদের ছাল-বাকলও থাকবে না।’

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, তফসিলের আগে সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন, ইভিএম ব্যবহার না করা, খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তিসহ সাত দফা দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, সুলতান মো. মনসুর, বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামার হায়দার, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, এলডিপির মহাসচিব ডা. রেদোয়ান আহমদ, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীন, জেএসডির সহ সভাপতি তানিয়া রব, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত