বাহুবল প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০১৮ ২০:৫৩

বাহুবলে মহাসড়কে দেড়ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত এক বাস চালকে আটক করে জরিমানা করায় বাহুবলে মহাসড়ক দেড়ঘণ্টা অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত প্রায় দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

এতে ঢাকা-সিলেট মহাসড়কে উভয় দিকে হাজার হাজার যান বাহন আটকা পড়ে। পরে ওই চালককে ছেড়ে দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।

হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, ‘বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অযৌক্তিকভাবে এক শ্রমিককে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এর প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে ওই চালককে নিঃশর্ত মুক্তি দেওয়ায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।’

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরী বলেন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে বাস শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে অবরোধ প্রত্যাহার করে নেওয়া এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিন বলেন. ‘ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় এক বাস চালককে আটক করে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় অযৌক্তিকভাবে তারা মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে জরিমানার টাকা পরিশোধ করায় আটক চালককে ছেড়ে দিলে পরিবহন শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।’

আপনার মন্তব্য

আলোচিত