০৫ মার্চ, ২০১৯ ২০:৫৭
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চলছে বিরামহীন প্রচারণা। উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণার মধ্য দিয়ে পার করছেন ব্যস্ত সময়।
এদিকে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে উপজেলা সদর গোয়াইনঘাট থেকে শুরু করে সবকটি ইউনিয়নের হাট বাজারসহ অলিগলি। মাইকিং, গণসংযোগও চলছে সমান তালে। জলসা, বিয়ে, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানাদিসহ সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে প্রার্থীদের।
আসন্ন নির্বাচনে একাধিক প্রার্থী থাকলেও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া হেলাল নৌকা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ মোটর সাইকেল, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা গোলাপ মিয়া কাপ পিরিচ, উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন ঘোড়া, জেলা বিএনপির বহিষ্কৃত লুৎফুল হক খোকন আনারস প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন রয়েছেন আলোচনার শীর্ষে। তার সাথে ছাত্রনেতা দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা হীরক দেব, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম রয়েছেন মূল আলোচনায়। উপজেলা সদর থেকে শুরু করে সর্বত্রই তার বিরামহীন ভাবে প্রচারণায় অংশগ্রহণ চলছে। তার সাথে গণসংযোগে রয়েছেন যুবলীগ নেত্রী পদ্ধাদেবী সিংহ, জাফলংয়ের সাবেক মহিলা ইউ/পি সদস্যা মনোয়ারা বেগম বিনা।
তৃণমূল থেকে শুরু করে সর্বত্র নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করার পাশাপাশি সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগ ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। যদিও কে হাসবেন শেষ হাসি তা দেখতে ১৮ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ ব্যাপারে কথা হলে প্রার্থীদের সপক্ষে কথা বলেন অনেকেই। উপজেলা সদর গোয়াইনঘাট বাজারে হোটেল ইন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জয়নুল ইসলাম বলেন, আমি আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া হেলালকে ভোট দিব।
লেঙ্গুড়াঁ গ্রামের প্রবীণ মুরব্বি সিরাজ উদ্দিন জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মুখ থেকে আমি যে ক'জন চেয়ারম্যান প্রার্থীর নাম শুনছি তার মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগনেতা ফারুক আহমদের মোটর সাইকেল মার্কার নাম ডাক বেশি শুনতেছি। আমি নিয়ত করেছি উক্ত নির্বাচনে একজন সৎ মানুষ হিসাবে ফারুক আহমদকে ভোট দিব।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোয়াইনঘাটের সাধারণ সম্পাদক এম মহি উদ্দিন মহি জানান, একজন সৎ, নির্ভীক এবং আদর্শ মানুষ হিসাবে আমার মতে শীর্ষে আছেন উপজেলা পরিষদ নির্বাচনের কাপ পিরিচ মার্কার প্রতীক ধারী প্রার্থী গোলাপ মিয়া। আমি আসন্ন নির্বাচনে কাপ পিরিচের প্রতীক ধারী গোলাপ মিয়াকেই ভোট দিব।
এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্যস্ততম গণসংযোগ, প্রচারণায় অংশ নেয়া প্রার্থীদের মধ্যে মোটর সাইকেল প্রতীক ধারী ফারুক আহমদ, ফতেহপুর ইউনিয়নের চৌমুহনী, বড়নগর, গুলনি চা বাগান, ডৌবাড়ী ইউনিয়নের মানিকগঞ্জ বাজার, পশ্চিম জাফলং ইউনিয়নের পন্নগ্রাম এলাকায় গণসংযোগ, প্রচারণা ও পথসভায় মিলিত হন। কাপ পিরিচ প্রতীক ধারী গোলাপ মিয়া পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং বাজার,ছৈলাখেল ৮ম খণ্ড সমাজ কল্যাণ যুব সংঘ, সানকিভাঙ্গা নতুন বাজার,রহমতপুর,মামার দোকানসহ আশপাশ এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
এছাড়া ঘোড়া প্রতীক ধারী শাহ আলম স্বপন আলীরগাঁও ইউনিয়নের বারহাল বাজার, গোয়াইনঘাট সদরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ প্রচারণা ও পথ সভায় মিলিত হন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া হেলাল পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি বাজার, মনরতল বাজার, মাতুরতল বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় মিলিত হন। ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনকে পাওয়া যায় আলীরগাঁও ইউনিয়নের সারীঘাট, বাঘের সড়ক, বারহাল বাজার, পাঁচ সেউতি বাজারে গণসংযোগ, প্রচারণা ও লাফনাউট বাজারে পথ সভায়।
আপনার মন্তব্য