নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০১৯ ১৬:১৫

গ্রামের বাড়িতে সিকৃবির শিক্ষার্থী ওয়াসিম সমাহিত

মৌলভীবাজারের শেরপুরে বাসচাপায় নিহত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এর শিক্ষার্থী ঘোরি মো. ওয়াসিম আফনানকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) বেলা ৩টার দিকে নবীগঞ্জে গ্রামের বাড়িতে বাদ জোহর জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

নিহত ওয়াসিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের মো. আবু জাহেদ মাহবুব ও ডা. মীনা পারভিনের ছেলে।

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াসিমের চাচা শিহাব উদ্দিন।

এর আগে শনিবার রাতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করেছে পুলিশ। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শনিবার রাতে ওয়াসিম আফনানের লাশ হস্তান্তর করা হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া।

শনিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে বাসা চাপায় নিহত হন সিকৃবি শিক্ষার্থী ঘোরি মো. ওয়াসিম আফনান।

নিহতের পরিবার ও সহপাঠীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে চাপা দিয়ে ওয়াসিমকে হত্যা করা হয়।

এ অভিযোগে শনিবার রাতে ওসমানী হাসপাতাল ও বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। অভিযুক্ত বাস ও চালককে আটক করে পুলিশ।

শিক্ষার্থীদের এই বিক্ষোভের মধ্যেই ময়নাতদন্ত ছাড়াই ছেলের মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করেন ওয়াসিমের বাবা মো. আবু জাহেদ মাহবুব।

এদিকে রোববার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ওয়াসিমের সহপাঠীরা। দুপুর ১২টার দিকে তারা নগরীর চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত চৌহাট্টায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ এখনো চলছে।

জানা যায়, শনিবার বিকেলে ওয়াসিম হবিগঞ্জের আউশকান্দি থেকে সিলেটে আসার উদ্দেশ্যে ময়মনসিংহ রোডের উদার পরিবহন নামের একটি বাসে উঠেন। গা্ড়িটি শেরপুর এলাকার আসার পর বাসের হেল্পার ও চালকের সাথে তার বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে সেই বাসের হেল্পার তাকে চলতি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় বাসটি তার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাতে ওয়াসিমের মরদেহ ওসমানী হাসপাতালে আনা হলে সেখানে জড়ো হয়ে সিকৃবি শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে কদমতলী বাস টার্মিনাল ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায়ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

রোববার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে আহনাফ 'হত্যার' প্রতিবাদে সিলেট নগরীর চৌহাট্টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন।

আপনার মন্তব্য

আলোচিত