২৪ মার্চ, ২০১৯ ১৬:৪৬
সিলেটের বিয়ানীবাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি গোয়াল ঘর পুড়ে গেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে তিনটি গরুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ মার্চ) ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের খাড়াভরা গ্রামের মইন উদ্দিন গোয়াল ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মইন উদ্দিন জানান, গোয়াল ঘরে রাখা দুই গাভীসহ তিনটি গরু ও দুটি বাছুরকে পুড়িয়ে হত্যা করার উদ্দেশ্যে আগুন লাগিয়ে দেয় কে বা কারা। গরুর ডাক শুনে আমাদের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে আগুন লেগেছে। পরে আমার পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের মানুষজন ছুটে এসে দুই বাছুরকে উদ্ধার করতে সক্ষম হলেও দুটি গাভীসহ তিনটি গরু পুড়ে মরে যায়। কেউ শত্রুতাবশত আগুন লাগাতে পারে বলে দাবি করেন মইন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দুর্বৃত্তরা আগুন দিয়েছে কিনা খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য