৩০ মার্চ, ২০১৯ ১৫:১৬
'কম আর পুনর্ব্যবহার আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাইয়ে আর্থ আওয়ার উদযাপন উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা স্কাউটের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিরাই থানা পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক সব্যসাচী দাস চয়নের সভাপতিত্বে ও স্কাউট লিডার তায়েফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কাউট কমিশনার বিশ্বজিৎ চৌধুরী, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, উপজেলা স্কাউটের লিডার ট্রেইনার ফখরুল আমিন চৌধুরী বাবলু।
বক্তব্য রাখেন কর্ণগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রীতি রানী দাস, কাব স্কাউট স্কাউট লিডার আবা রানী তালুকদার, এভারগ্রিণ রেলওয়ে মুক্ত স্কাউটের রোভার সদস্য জনি, জাহিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শরিফুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে স্কাউটের সদস্যরা কাজ করে যাচ্ছে। জঙ্গি ও মাদক থেকে দূরে থাকতে স্কাউটের বিকল্প নেই। যারা স্কাউটের প্রশিক্ষণ নেয় তারা মাদক গ্রহণ করে না। তাই শিক্ষার্থীদের স্কাউটের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।
বিদ্যুৎ, পানিসহ সকল জিনিসের অপব্যয় রোধ করতে সকল শ্রেণি পেশার মানুষকে সচেতন করে তুলতে স্কাউটদের কাজ করে যেতে হবে বলে জানান তিনি।
আপনার মন্তব্য