৩০ মার্চ, ২০১৯ ১৬:০২
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনসংলগ্ন বটতলা এলাকায় (দক্ষিণ বালিগাঁও) হিড বাংলাদেশের খেলার মাঠে আনন্দ মেলার নামে জুয়ার আসর ও অশ্লীল কর্মকাণ্ডের প্রস্তুতি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের আপত্তি থাকা সত্ত্বেও প্রভাবশালী একটি মহল সুকৌশলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে আনন্দ মেলা করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
আনন্দ মেলার নামে জুয়া ও অসামাজিক কার্যক্রম বন্ধের বিরুদ্ধে কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সুরমান মিয়া, এলাকাবাসী ইতিমধ্যেই প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়দের জানান, আনন্দ মেলার নামে জুয়া ও অশ্লীল কর্মকাণ্ডের প্রশ্রয় যদি দেওয়া হয় তাহলে স্কুল, কলেজপড়ুয়া ছাত্র-ছাত্রীর পড়ালেখায় ব্যাঘাত, এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ অসামাজিক কার্যকলাপ বেড়ে যাবে। স্থানীয়রা আনন্দ মেলা বন্ধের জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি আহবান জানান।
পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান পরিবেশবাদী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বলেন, লাউয়াছড়া বনসংলগ্ন আনন্দমেলার উচ্চ শব্দ, আলোকসজ্জা ও গানবাজনা বন্য প্রাণীর জন্য মারাত্মক হুমকি। আনন্দ মেলা বনের সংলগ্ন বিশেষ করে সংরক্ষিত বনের এলাকাতে করতে দেওয়া মানে জীববৈচিত্র্য ধ্বংস করা।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, প্রশাসন কর্তৃক আনন্দ মেলার কোন অনুমতি দেওয়া হয়নি।
আপনার মন্তব্য