নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০১৯ ০০:৪৫

দক্ষিণ সুরমায় সিসিকের অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চলমান পরিচ্ছন্নতা অভিযানের ৩য় দিনে সিলেটের দক্ষিন সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে ফেঞ্চুগঞ্জ রোড কদমতলী এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এছাড়া অবৈধ পার্কিং করে সড়কের পাশে ট্রাক রাখার অপরাধে বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নগরীর হুমায়ুন রশীদ চত্তর থেকে পাঠানপাড়া, শিববাড়ী, কদমতলী এলাকা পর্যন্ত সড়কের দুই পাশের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এসময় বেশ ক’টি ট্রাক, পিকআপ ও কাভার্টভ্যনের বিরুদ্ধে অবৈধ পাকিং এর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। এ অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত।

অভিযানে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, পুলিশ ছাড়াও সিসিকের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বক্স, এসএমপি পুলিশের ডিসি (ট্রাফিক) মো. ফয়সল মাহমুদ, এডিসি নিকুলিন চাকমা, সিসিকের ভারপ্রাপ্ত সচিব নুর আজিজুর রহমান, প্রকৌশলী আলী আকবর সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২ এপ্রিল মঙ্গলবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ট্রাক স্ট্যান্ড ও স্থাপনা উচ্ছেদে এক সপ্তাহের অভিযানে নামে সিসিক। সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত