কমলগঞ্জ প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০১৯ ১৬:০৩

কমলগঞ্জে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের মানুষের কাছে গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জে থেকে শুরু হয়েছে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ-২০১৯।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াহইয়ার সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী রুবি আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পৌর কাউন্সিলার মো. আনোয়ার হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. মুন্না সিনহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দুলাল মিয়া, নার্স সুপারভাইজার শামীমা ফেরদৌস, স্বাস্থ্য সহকারী তোফায়েল আহমেদ প্রমুখ।

পরে মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি স্বাস্থ্যসেবা সপ্তাহ-২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, কমলগঞ্জ উপজেলা পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য বিষয়ক সেমিনার, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা, স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ক আলোচনাসহ নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০ এপ্রিল এই সেবা সপ্তাহ শেষ হবে।

আপনার মন্তব্য

আলোচিত