গোলাপগঞ্জ প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০১৯ ২৩:৩৯

নুসরাত হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে মানববন্ধন

ফেনীর সোনাগাজীতে ফাযিল মাদ্রাসার আলিম পরিক্ষাথী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে তালামীযে ইসলামিয়া ভাদেশ্বর মডেল ফাযিল মাদ্রাসা শাখার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লক্ষণাবন্দ ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক কাওছার আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আল-ইসলাহ সভাপতি, ভাদেশ্বর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা (পূর্ব) তালামীযের সহ সভাপতি সাইফুল ইসলাম, সিলেট জেলা পূর্ব তালামীযে সহ অফিস সম্পাদক হামিদুজ্জামান।

বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ তালামীযের সাধারণ সম্পাদক ফজল আহমেদ রেজওয়ান আহমদ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি’র হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত ১০ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে নুসরাত জাহান রাফি মারা যান। এর আগে গত ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন নুসরাতের মা। এ মামলা তুলে নিতে চাপ দিতে থাকে দুর্বৃত্তরা। এতে নুসরাত ও তাঁর পরিবার রাজি হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে যাওয়ার আগে নুসরাত চিকিৎসকদের কাছেও জবানবন্দি দেন।

আপনার মন্তব্য

আলোচিত