গোয়াইনঘাট প্রতিনিধি

২০ এপ্রিল, ২০১৯ ১৫:৫৪

শেখ হাসিনা কৃষি ব্যবস্থাপনার রোল মডেল

প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ

সিলেটের গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ বলেছেন, কৃষিবান্ধব আওয়ামী লীগ সরকারই একমাত্র সরকার যারা কৃষকের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা সমাধানে কাজ করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল কৃষক এবং কৃষি ব্যবস্থাপনার জন্য একজন রোল মডেল।

শনিবার (২০ এপ্রিল) বেলা ১২টায় সিলেটের গোয়াইনঘাটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৮৩০ জন কৃষকদের মধ্যে বিনামূল্যে ২৫ কেজি হিসাবে রাসায়নিক সার এবং ৫ কেজি হিসাবে জন প্রতি উফসী আউশ বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজ উদ্যোগ এবং নিজের চিন্তা চেতনা থেকে বাংলাদেশের কৃষককে আরও গতিশীল এবং কৃষি বিপ্লবে অগ্রসর ভূমিকা পালনের জন্য বিভিন্ন প্রণোদনাসহ নানা ধরনের সহযোগিতার হাত প্রসারিত রেখেছেন। কৃষক বাঁচলে বাংলাদেশের কৃষি বাঁচবে এমন উদার মন মানসিকতা থেকে প্রধানমন্ত্রী নিজেই বাংলাদেশে কৃষকদের কল্যাণে বিভিন্ন প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছেন। তারই ধারাবাহিক আওতায় আজ গোয়াইনঘাটের কৃষকরাও এরই সুফল ভোগ করছেন।

উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের পরিচালনায় ও গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু সুভাস চন্দ্র পাল ছানা, প্রেসক্লাব সভাপতি এম এ মতিন প্রমুখ।

বক্তব্য রাখেন গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন, কৃষক সেলিম উদ্দিন, ইউপি সদস্য কামাল উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত