জামালগঞ্জ প্রতিনিধি

২১ এপ্রিল, ২০১৯ ১৪:৫২

প্রত্যন্ত হাওর এলাকার উন্নয়নে কাজ করছে সরকার: সমবায়মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, প্রত্যন্ত হাওর এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে বিশেষ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে সরকার। ইতিমধ্যেই হাওরবাসীর নানামুখী সমস্যার সমাধানে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুর ২টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানার সামনে ‘উবদাখালী ও কায়েতকান্দা-সুমেশ্বরী নদীর’ উপর দুইটি বড় ব্রিজের ভিত্তিপ্রস্তুর স্থাপন উপলক্ষে মধ্যনগর থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। বাঙালি জাতি এখন আর ভিক্ষুকের জাতি নয়। প্রধানমন্ত্রী এ দেশকে সিঙ্গাপুর, হংকং ও থাইল্যান্ডের মতো উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছেন। 'আল্লাহর ওয়াস্তে আমাকে চারটা ভাত দেন' এ কথা বলার মতো দেশে আর কোনো মানুষ থাকবে না।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন প্রমুখ।

মন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা হাওরের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন। আর তারই নির্দেশে সরকার হাওর এলাকার উন্নয়নে ব্রিজ, কালভার্ট ও রাস্তাঘাট উন্নয়নসহ নানা পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তা বাস্তবায়ন করে যাচ্ছে। এমনকি হাওর এলাকাকে যুগোপযোগী করে শহরের আদলে গড়ে তোলার লক্ষেই আওয়ামী লীগ সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, মধ্যনগর থানাকে উপজেলায় রুপান্তরিত করার কাজও অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই মধ্যনগরকে উপজেলা ঘোষণা করা হবে বলেও তিনি সভায় উপস্থিত মধ্যনগরবাসীকে আশ্বস্ত করেন।

সভা শেষে তাহিরপুর উপজেলার সদর ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা যুবদলের আহবায়ক বোরহান উদ্দিন মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত