সিলেটটুডে ডেস্ক

২৮ এপ্রিল, ২০১৯ ০০:১৮

সিলেটে ‘গুমের ভয়াবহতা ও অবরুদ্ধ গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভা সোমবার

সিলেট জেলা বিএনপির উদ্যোগে “কারান্তরীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গুম নামক অপরাজনীতির ভয়াবহতা ও অবরুদ্ধ গণতন্ত্র” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে ও আলোচনা সভা সোমবার বিকাল ৩ ঘটিকার সময় নগরীর মিরের ময়দানস্থ হোটেল লা-রোজ এর হল রুমে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা, নাগরিক ঐক্যের আহ্বায়ক, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না এবং বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ব্যারিষ্টার রুমিন ফারহানা। এছাড়াও আলোচনা সভায় জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক সফল সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী গুমের ৭ বছর অতিবাহিত হওয়ায় সিলেট জেলা বিএনপির পূর্বঘোষিত তিন দিনের কর্মসুচীর অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যথাসময়ে উপস্থিত থেকে আলোচনা সভাকে সফল করার জন্য বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ।



আপনার মন্তব্য

আলোচিত