২৯ এপ্রিল, ২০১৯ ০০:১৯
ধীরগতিতে চলছে সিলেট-জকিগঞ্জ সড়কের সংস্কার কাজ। এ সড়কটির কিছু অংশের কাজ শেষ হলেও গোলাপগঞ্জ অংশের প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে পিচ তুলে ফেলে রাখা হয়েছে। এতে বৃষ্টিতে সড়কের গর্তে পানি জমে খাদের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি সৃষ্টি হয়েছে কাদা। গর্ত ও কাদায় গাড়ি আটকে যানজটের সৃষ্টি হচ্ছে। যাত্রীরা বিকল্প রাস্তায় যাওয়ার চেষ্টা করেও যানজটের কারণে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ঘণ্টার পর ঘণ্টা এ স্থানে গাড়িতে বসে থাকতে হচ্ছে যাত্রীদের।
সরেজমিন রোববার দুপুরে গিয়ে দেখা যায়, সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার পাঁচ মাইল থেকে নতুন জামে মসজিদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কে গর্ত ও কাদায় গাড়ি আটকে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। সারাদিন হেতিমগঞ্জ বাজার থেকে বাইপাস পর্যন্ত কয়েক শতাধিক গাড়ি আটকে ছিল। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রী সাধারণকে। চালকরা যাত্রীদের বিকল্প রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেও যানজটে জন্য যাওয়া সম্ভব হয়নি।
দুর্ভোগে পড়া দেলোয়ার আহমদ নামের এক অটোরিকশা যাত্রী জানান, তিনঘণ্টা ধরে যানজটে আটকে আছি। বাড়ি ফিরেও যেতে পারছি না। কাদার জন্য হেঁটেও যাওয়া সম্ভব হচ্ছে।
আব্দুর রহিম নামের আরেক বয়োবৃদ্ধ যাত্রী বলেন, ''সড়ক কামর নামে যেতা শুরু অইছে। একমাস থাকি সড়ক কুড়িয়া রাখা হইছে, কাজর নাম নাই। আগে উড়ছে ধুইল এখন গাতও গাড়ি আটকিয়া জাম লাগি গেছে। গাড়িত বইতে বইতে কমর তেড়া অইগেছে"।
আরিফ আহমদ নামে এক অটোরিকশা চালক আরিফ আহমদ জানায়, গোলাপগঞ্জ থেকে গাড়ি ছেড়ে আসলে প্রায় আড়াই ঘণ্টা ধরে এই স্থানে যানজটে আটকে আছি। কখন এখান থেকে যেতে পারবো জানা নেই।
ট্রাক চালক আলম আহমদ জানান, জকিগঞ্জ থেকে কাঁচামাল নিয়ে সিলেট রওয়ানা হয়েছিলাম। একটি গর্তে গাড়ি পড়ে ২ঘন্টা ধরে আছি। অনেক চেষ্টার পরও গর্ত থেকে গাড়ি তুলা সম্ভব হচ্ছে না। তার মত বেশ কয়েকটি গাড়ি গর্তে আটকে রয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া বলেন, এ সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত গতিতে কাজ করছে। কাজের জন্য দুর্ভোগ সৃষ্টি হওয়া স্বাভাবিক। অল্প কয়েকদিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। যাত্রীদের দুর্ভোগও লাগব হয়ে যাবে বলেও জানান তিনি।
জানা যায়, পূর্ব সিলেটের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, জকিগঞ্জ, বড়লেখাসহ মোট ৫টি উপজেলার কয়েক লাখ মানুষ সিলেট-জকিগঞ্জ সড়ক দিয়ে যাতায়াত করে। সিলেট শহরের সাথে ৫টি উপজেলার যোগাযোগ স্থাপনকারী ৬৫ কিলোমিটারের এই সিলেট-জকিগঞ্জ সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গত বছরের ২৮ ফেব্রুয়ারি এ সড়কের সংস্কারে কাজ শুরু করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রথমে দ্রুত গতিতে শেষ হলেও গোলাপগঞ্জ উপজেলার পাঁচ মাইল থেকে নতুন জামে মসজিদ পর্যন্ত প্রায় ১কিলোমিটার রাস্তা খুঁড়ে রাখা হয়। ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সকল কাজ সম্পন্ন করার কথা রয়েছে।
প্রথমে ৬৫ কিলোমিটারের এই সড়কের কাজের বাজেট ১৭৩ কোটি টাকা ঘোষণা হলেও পরে ১৮৬ কোটি টাকা ব্যয় ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হয়।
আপনার মন্তব্য