৩০ এপ্রিল, ২০১৯ ১৪:২৯
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআইয়ের ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ সাল মেয়াদের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেলের প্রধান শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে পূর্ণ প্যানেলকে ২ বছর মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করেছেন এফবিসিসিআই নির্বাচন বোর্ড। এই প্যানেল থেকে এফবিসিসিআয়ের মনোনীত পরিচালক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি খন্দকার সিপার আহমদ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইতোপূর্বে সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদ তাকে এফবিসিসিআইয়ে পরিচালক পদে সর্বসম্মতিক্রমে মনোনীত করেন।
এফবিসিসিআয়ের নির্বাচন বোর্ড কর্তৃক পরিচালক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদ, সম্মানিত সদস্যবৃন্দ, সিলেটের সকল ব্যবসায়ী, পররাষ্ট্রমন্ত্রী, বৃহত্তর সিলেটের অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, এফবিসিসিআইয়ের বর্তমান ও সাবেক পরিচালনা পরিষদ, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এছাড়া তিনি এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিম ও নবনির্বাচিত পরিচালনা পরিষদকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে পরিচালকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে তিনি সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে যে ভূমিকা পালন করেছেন, ভবিষ্যতে এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে তিনি সেভাবে সারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যেতে চান।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি নিজেকে দেশের কল্যাণে নিয়োজিত করতে চান। এজন্য তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
আপনার মন্তব্য