বড়লেখা প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০১৯ ২০:০৯

এমসি কলেজ ছাত্রীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকা অনুদান

সড়ক দুর্ঘটনায় আহত এমসি কলেজের ছাত্রী বড়লেখার অনন্যা দে আঁখির চিকিৎসার্থে প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল থেকে ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে বাসায় অনন্যার পিতা অরুন কান্তি দের হাতে অনুদানের চেক তুলে দেন পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেটের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। অনুদানের জন্য অনন্যার পিতা অরুন কুমার দে ও তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত ৫ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, মৌলভীবাজার-১ আসনের সাংসদ শাহাব উদ্দিন এমপির কাছে এ সংক্রান্ত আবেদনের ফাইল হস্তান্তর করেন বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেটের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু।

প্রসঙ্গত, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাটবন্দ এলাকার অরুন কুমার দে’র মেয়ে অনন্যা দে আঁখি গত ২৪ জানুয়ারি সিলেট বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা এপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত