বড়লেখা প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০১৯ ২১:০৭

যৌন হয়রানির মামলায় দীর্ঘসূত্রিতা, আত্মহত্যার চেষ্টা এতিম কিশোরীর

মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে আত্মহত্যার চেষ্টার অভিযোগে পিতা-মাতাহীন এক ষোড়শীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে বাদী হয়ে এ মামলাটি করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী।

মঙ্গলবার বিকেলে ওই ষোড়শীকে বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমারের আদালতের মাধ্যমে সেইফ কাস্টডিতে পাঠানো হয়।

থানা পুলিশ ও ভিকটিম সূত্রে জানা গেছে, উপজেলার নিজবাহাদুর ইউপির নিজ বাহাদুরপুর গ্রামের এতিম ষোড়শী (১৬) যৌন নির্যাতনকারীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন। মামলাটি আদালতে চলমান থাকলেও কোনো অগ্রগতি ছিল না। গ্রামের লোকজনের নানা কটুক্তি, সমালোচনা ও পৈত্রিক সম্পত্তি নিয়ে স্বজনদের হয়রানী আর মামলা সংক্রান্ত মানসিক চাপে ষোড়শী সোমবার দুপুরে নিজ বাড়িতে আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করে। মুহূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর চিকিৎসা চলে। ওই রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী বাদী হয়ে আত্মহত্যা চেষ্টার অপরাধে ৩০৯ ধারায় থানায় মামলা করেন। চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও শেষ পর্যন্ত তার টাই হয়েছে সেইফ কাস্টডিতে।

মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী বলেন, ‘পিতৃমাতৃহীন ওই ষোড়শী নানা বাড়িতে থাকতো। সেখানে একটি ছেলের সাথে প্রেম হয়। পরবর্তীতে ওই ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই তরুণী। পরে চাচার বাড়িতে আসলে বিভিন্ন কারণে চাচারাও তার ওপর বিরক্ত হয়ে উঠেন। এসব বিভিন্ন কারণে সে আত্মহত্যার চেষ্টা করতে পারে।’

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘আত্মহত্যা পেনাল কোড ৩০৯ ধারার শাস্তিযোগ্য একটি অপরাধ। প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আত্মহত্যার চেষ্টাকারী ষোড়শীকে সুস্থ হওয়ার পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।’

আপনার মন্তব্য

আলোচিত