নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০১৯ ১৯:০০

‘ফণি’র প্রভাবে সিলেটে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে আগামী ২৪ ঘন্টার মধ্যে সিলেটের দু’এক জায়গাসহ রংপুর ও ময়মনসিংহ এলাকায় অস্থায়ী ভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া বার্তায় জানানো হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবলঘূর্ণিঝড় ‘ফণি’ আজ বুধবার (১ মে) সকাল ৯টায় সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৪.০ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৩.৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া বার্তায় আরো জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায়১৬০ কিঃমিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৮০কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রাসমূদ্র বন্দরসমূহকে ২নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৪নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত (পুনঃ) ৪নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে যাতে স্বল্প সময়ের নোটিশে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত