মাধবপুর প্রতিনিধি

০১ মে, ২০১৯ ১৯:২১

মাধবপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আগুন লেগে যায়। এই ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন, কক্সবাজারের বাসিন্দা শফিকুর রহমানের মেয়ে রিমা আক্তার (২৪), ঢাকার টিকাটুলী এলাকার বাসিন্দা মুখলেছুর রহমানের মেয়ে লতা আক্তার (২২), সুমী আক্তার (২২), সিলেটের সাদ্দাম হোসেন (২৫), যশোরের আল আমিন (২৬) ও গাড়ির চালক লিয়ন আহমেদ।

বুধবার (১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার নারায়নখোলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মুসলেহ উদ্দিন জানান, ঢাকা থেকে ৫ জন শিক্ষার্থীসহ একজন চালক প্রাইভেট কারযোগে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে একটি ট্রাককে ওভারটেক করার সময় কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আগুন ধরে যায়। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে চালকসহ যাত্রীদের উদ্ধার করলেও অল্প সময়েই গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

তিনি বলেন, আহত ৫ জন ঢাকাসহ বিভিন্ন এলাকার প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাদের প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত