কুলাউড়া প্রতিনিধি

০২ মে, ২০১৯ ১৮:১৬

কুলাউড়ায় মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

পুর্ণাঙ্গ উৎসব ভাতা, পেনশন চালু, চাকুরি জাতীয়করণের দাবি এবং ৪% কর্তনের প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে)  দুপুর ২টার দিকে পৌর শহরের চৌমুহনীতে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ছকাপন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, সহসভাপতি ও ভূকশীমইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর, নয়াবাজার কেসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্মা, রাউৎগাঁও স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষিকা বিলকিছ বানু, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন ‘দেশ যখন উন্নয়নের মহাসড়কে চলছে এবং সকল চাকুরিজীবিরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তখন আমরা এমপিওভূক্ত সকল মাধ্যমিক স্কুলের শিক্ষক ও কর্মচারীরা নানা বৈষ্যমের শিকার হচ্ছি। কোন নীতিমালা ছাড়া আমাদের বেতন থেকে ৪ শতাংশ কেটে নেয়া হচ্ছে যা সম্পূর্ণ অনৈতিক। এতে করে আমরা চরম বৈষম্যের শিকার হচ্ছি। এছাড়াও দির্ঘদিন ধরে আমরা দেশের সকল মাধ্যমিক শিক্ষক সমিতি সদস্যরা পুর্ণাঙ্গ উৎসব ভাতা, পেনশন চালু, চাকুরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছি। অথচ আমাদের এ যৌক্তিক দাবি আমলে নেওয়া হচ্ছেনা। আমাদের দাবি পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।’

বক্তার এসময় এ দাবি না মানলে ভবিষ্যৎতে কঠোর আন্দোলনে নামবেন বলে জানান।

আপনার মন্তব্য

আলোচিত