০২ মে, ২০১৯ ২১:৪৬
শনিবার সিলেটে চলচ্চিত্রকর্মীদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। নগরীর মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান মিলনায়তনে সকাল ১০টায় এই সম্মেলন শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়।
আয়োজকরা জানান, বাংলাদেশের চলচ্চিত্রকর্মীদের জাতীয় চলচ্চিত্র সম্মেলন আয়োজনের অংশ হিসেবে দেশের বিভাগীয় পর্যায়ে চলচ্চিত্রকর্মীদের সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে চলচ্চিত্রকর্মীদের জাতীয় সম্মেলন আয়োজক জাতীয় পর্ষদ। বাংলাদেশের ৮টি বিভাগে পর্যায়ক্রমিকভাবে বিভাগীয় সম্মেলনগুলো অনুষ্ঠিত হবে।
শনিবার সিলেটে দেশের প্রথম বিভাগীয় চলচ্চিত্রকর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সিলেট বিভাগীয় চলচ্চিত্রকর্মীদের সমন্বয় কমিটি গঠন করা হবে।
আয়োজকরা আরও জানান, বিভাগের ৪ জেলার সব চলচ্চিত্রকর্মীদের জন্য এই সম্মেলন উন্মুক্ত থাকবে। বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণ করতে হলে প্রত্যেক চলচ্চিত্রকর্মীকে অনলাইনে অথবা সরাসরি নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। নিবন্ধন সম্পন্ন না হলে কেউ সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন না। বিভাগীয় চলচ্চিত্রকর্মীদের সম্মেলনে অংশগ্রহণের নিবন্ধন ফি ২০০ (দুই শত টাকা)। অনলাইনে নিবন্ধন চূড়ান্ত হলে নিবন্ধন ফি বিকাশের মাধ্যমে অথবা সরাসরি দপ্তরে এসে জমা দেয়া যাবে।
আপনার মন্তব্য