০৬ মে, ২০১৯ ০০:৪৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যানের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন আহত হয়েছেন৷ রবিবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার রোডের সড়ক ও জনপথ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশরাফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম নামে দুজনকে শ্রীমঙ্গল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ অফিসের সামনে দাঁড়ানো কাভার্ড ভ্যানের পিছনে একটি অটোরিকশা ধাক্কা দিয়ে ছিটকে পড়ে তিনজন আহত হন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান জাহির হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আপনার মন্তব্য