শাকিলা ববি

০৭ মে, ২০১৯ ০১:২৬

সিলেটের বেশিরভাগ হাসপাতালেই নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা

সিলেটের বেশিরভাগ হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নেই প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা। যে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে সেগুলোও ভবনের তুলনায় পর্যাপ্ত নয়।

সম্প্রতি সিলেটের সরকারি বেসরকারি হাসপাতালগুলো পরিদর্শনে গিয়ে এমন চিত্র পেয়েছে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। এসব হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার পাশাপাশি প্রশিক্ষিত জনবলও নেই। তাই এসব প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন বলে মত ফায়ার সার্ভিসের।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, সিলেটে ৫৯টি হাসপাতাল ও ১৮৩টি ক্লিনিক রয়েছে। এসব হাসপাতাল ও ক্লিনিকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা তদারকি সম্প্রতি করতে একাদিক টিম গঠন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। টিমগুলো পরিদর্শন শুরু করে ৩ মার্চ থেকে।

পরিদর্শন কাজ তদারকি করা সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদ্য বিদায়ী উপ-সহকারী পরিচালক দিনামনি শর্মা জানান, সিলেটের বেশিরভাগ হাসপাতাল বা ক্লিনিকেই প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা পাওয়া যায়নি। এসব হাসপাতাল ও ক্লিনিকগুলে তে নেই জরুরী নির্গমন পথ, ফায়ার এর্লাম ও হাইডেন্ট ব্যবস্থা।

সরেজমিন দেখা যায়, সিলেট নগরের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র নেই। যেসব হাসপাতাল ও ক্লিনিকে অগ্নিনির্বাপণ সিলিন্ডার রয়েছে সেগুলো নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ। নগরের কাজলশাহ রোডস্থ বেশ কয়েকটি ক্লিনিকে দেখা যায় অগ্নিনির্বাপণ পুরাতন সিলিন্ডারের উপর নতুন মেয়াদের লেভেল লাগানো। এছাড়া এসব হাসপাতাল ভবনে নেই জরুরি নির্গমন সিঁড়ি। বেশিরভাগ হাসপাতালেই যন্ত্রের ব্যবহারও জানেন না কর্মকর্তা-কর্মচারীরা।

সিলেটের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে সেবা নিতে আসা বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে তেমন কোনো চিন্তাভাবনা নেই তাদের। এমনকি এই ধরনের প্রতিষ্ঠানে যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা লাগে সে বিষয়েও অবগত নন তারা।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদ্য বিদায়ী উপ-সহকারী পরিচালক দিনামনি শর্মা বলেন, সিলেটের বেশিরভাগ হাসপাতাল ও ক্লিনিকে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। যেসব প্রতিষ্ঠানে আছে সেগুলো হয় মেয়াদ উর্ত্তিণ না হয় খুব নিম্মমানের। এসব সেবাদান প্রতিষ্ঠানে আগুন নিয়ন্ত্রনের জন্য নেই দক্ষ জনবল।

তিনি আরো বলেন, সিলেট নগরসহ জেলার প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকে অগ্নিনির্বাপক ব্যবস্থা তদারকি করেছে আমাদের টিম। হাসপাতাল ও ক্লিনিকে কিভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা করাতে হবে সেগুলো বুঝিয়ে দিবে আমাদের পরিদর্শন টিম। এরপরেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহন না করলে কোনো ঘটনা ঘটলে সকল দায়ভার হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে।

পরিদর্শনের প্রাপ্ত তথ্য সংগ্রহ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভসের সিলেট কার্যালয়ের নতুন উপ-সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান চৌধুরী।
 
এ ব্যাপারে সিলেট প্রাইভেট হসপিটাল এন্ড ওর্নাস এসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমেদ বলেন, ঢাকার অগ্নিকান্ডের পর সিলেটের মানুষজন সচেতন হচ্ছেন। সবাই নিরাপত্তা চান। আমাদের নিরাপত্তার জন্য প্রাথমিক ভাবে আমাদেরকেই উদ্যোগী হতে হবে। সিলেটের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষও এ ব্যাপারে অনেক আন্তরিক। বড় বড় হাসপাতাল ক্লিনিকগুলো ইতোমধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রেখেছেন। ছোট ছোট কিছু হাসপাতাল ক্লিনিক এখনো অগ্নিনির্বান ব্যবস্থা গ্রহণ করেননি। তবে শিগ্রই তাদেরকেও অগ্নিনির্বাণ ব্যবস্থার আওতায় নিয়ে আসতে আমরা পদক্ষেপ নিব।

আপনার মন্তব্য

আলোচিত