নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৬ ১৮:০৫

ড. সফিউদ্দিন ছিলেন আমাদের ডিরোজিও

সিলেটে স্মরণসভায় বক্তারা

বাংলাদেশের অন্যতম ভাষা ও সাহিত্য গবেষক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ কেবল একজন শিক্ষক ছিলেন না, ছিলেন জ্ঞানের এক আলোকবর্তিকা। তিনি ছিলেন আমাদের ডিরোজিও। তাঁর মেধা ও মনন দিয়ে আমাদের সমাজকে ঋদ্ধ করেছেন। বিশেষ করে সিলেট ও এমসি কলেজের আঙিনায় তিনি যে ধ্রুপদী শিক্ষার পরিবেশ বজায় রেখেছিলেন, তা আজ বিরল। তাঁর প্রয়াণে আমরা কেবল একজন গবেষককে হারাইনি, হারিয়েছি একজন খাঁটি দেশপ্রেমিক বুদ্ধিজীবীকে। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়।

শনিবার ( ২৫ এপ্রিল) সিলেটের একটি অভিজাত হোটেলে আজীবন শিক্ষাব্রতী, মুরারিচাঁদ কলেজের খ্যাতিমান অধ্যাপক, বিশিষ্ট লেখক-গবেষক ড. সফিউদ্দিন আহমদ এর প্রয়াণে শ্রদ্ধা ও স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, আজকের এই স্মরণসভা কেবল শোক প্রকাশের স্থান নয়, বরং ড. সফিউদ্দিন আহমদের কর্ম ও জীবন থেকে শিক্ষা নেওয়ার একটি সুযোগ। তিনি চলে গিয়েছেন সত্য, কিন্তু তাঁর আদর্শ ও রচিত সাহিত্যকর্মের মাঝে তিনি বেঁচে থাকবেন যুগ যুগান্তর। আমরা প্রস্তাব করছি যে, তাঁর স্মৃতি রক্ষার্থে তাঁর জীবন ও কর্মের ওপর একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হোক। যেটি থেকে বর্তমান প্রজন্ম স্যারের সম্পর্কে জানতে পারবে।

প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, স্যার ক্লাসে যখন ঢুকতেন, মনে হতো একটা জীবন্ত লাইব্রেরি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। তাঁর পড়ানোর ভঙ্গি ছিল অত্যন্ত প্রাঞ্জল। সাহিত্যের জটিল বিষয়গুলোকে তিনি অতি সহজে আমাদের হৃদয়ে গেঁথে দিতেন। শিক্ষক হিসেবে তিনি যেমন ছিলেন কঠোর, মানুষ হিসেবে ছিলেন ততটাই কোমল। শুধু সিলেবাস নয়, জীবনবোধ শেখাতেন তিনি। আজ স্যারের অভাব আমরা প্রতিমুহূর্তে অনুভব করি। তিনি আমাদের শিখিয়েছিলেন কীভাবে মাথা উঁচু করে সত্যের পথে চলতে হয়।

স্মরণসভায় বক্তব্য রাখেন মুরারিচাঁদ বাংলা সম্মিলনের আহ্বায়ক অধ্যক্ষ ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ, যুগ্ম আহ্বায়ক লিয়াকত শাহ ফরিদী, ডক্টর এনামুল হক সরদার, অধ্যক্ষ আবিদুর রহমান, মোহাম্মদ বিলাল উদ্দিন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মুরারিচাঁদ বাংলা সম্মিলনের সদস্যসচিব অধ্যক্ষ মো. আব্দুল জলিল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নীলুফার খানম, অধ্যাপক অনুপা নাহার ওয়ালেদা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শামসুল বাসিত শীরু, সিনিয়র সাংবাদিক অপূর্ব শর্ম্মা, আইনজীবী মো. শাহজাহান, কবি নাজমা বেগম, মুক্তাদির আহমদ মুক্তা, ব্যাংকার আনোয়ার হোসেন রনি, সুমন বনিক, প্রনব কান্তি দেব, অধ্যাপক খালেদ উদ দীন, কাসমির রেজা প্রমুখ
স্মরণসভার সূচনাপত্র উপস্থাপনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জফির সেতু।

বিশ্বনাথের বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিকাঞ্চন চৌধুরী মিলা ও সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক কোহেলী রায়ের যৌথ সঞ্চালনায় অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের জীবনপঞ্জি পাঠ করেন হোসনে আরা কাকালী।

শোকপ্রস্তাব পাঠ ও নিশ্চিতকরণ করেন মাহবুবুজ্জামান চৌধুরী।

স্মরণ সভায় 'আমি তোমাদেরই লোক'—শীর্ষক স্মরণিকা প্রকাশ করা হয়।
সংকলন-সম্পাদনা সম্পর্কিত প্রাক-কথন করেন পুলিন রায়। অনুভূতি প্রকাশ করেন অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের পুত্র সাকি আহমদ।

কবিতা আবৃত্তি করেন মুরারিচাঁদ কলেজের বাংলা বিভাগের চন্দ্রিকা, গায়ত্রী রায়।
অনুষ্ঠানের শেষে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত