গোয়াইনঘাট প্রতিনিধি

১৩ জুলাই, ২০১৯ ১৮:৫৯

গোয়াইনঘাটে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

সিলেটের গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। স্বাভাবিক হয়নি গোয়াইনঘাটের সাথে যোগাযোগ রক্ষাকারী সিলেট-সালুটিকর-গোয়াইনঘাট, সিলেট-সারী-গোয়াইনঘাট সড়কসহ প্রধান প্রধান সড়ক সমূহ যান চলাচল। এদিকে বন্যায় পানিবন্দি এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্টরা। এ পর্যন্ত ৩১ মেট্রিকটন চাউল,শুকনা খাবার, খাবার স্যালাইন,পানি বিশুদ্ধ করণ ট্যাবলেটসহ জরুরী ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

শনিবার ( ১৩ জুলাই) বিকাল ৪টায় সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও উপ পরিচালক স্থানীয় সরকার মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আসলামসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের পদস্থ কর্মকর্তাগণ গোয়াইনঘাটের লেঙ্গুঁড়া, আলীরগাঁও, তোয়াকুলসহ বিভিন্ন এলাকায় সরকারের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এছাড়াও গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে ও নির্দেশনায় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা একসাথে পানিবন্দি মানুষজনের মাঝে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল ও হাওরে নৌকা যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আফিয়া বেগমসহ বিভিন্ন ইউনিয়ন সমূহের নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজ নিজ বন্যা উপদ্রুত এলাকার মানুষজনের মাঝে সরকারের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিরতণ করছেন।

এ ব্যাপারে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। সরকারের তরফে পর্যাপ্ত ত্রাণ তৎপরতার জন্য নির্দেশনাও আছে। সিলেটের সবকটি এলাকায় বানবাসী মানুষের জন্য সরকারের তহবিলে বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ তৎপরতা বরাদ্দ করা হয়েছে। পানিবন্দি একটি ঘরও ত্রাণ সহায়তার বাহিরে থাকবে না। এ পর্যন্ত গোয়াইনঘাটের বিভিন্ন এলাকার বানবাসী মানুষের জন্য ৩১ মেট্রিকটন চাউল, ২০০প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে, প্রয়োজনে আরো বরাদ্দ করা হবে।


আপনার মন্তব্য

আলোচিত