বিয়ানীবাজার প্রতিনিধি

১৪ জুলাই, ২০১৯ ১৯:১০

বিয়ানীবাজারে সাংবাদিকের উপর হামলা

সিলেটের বিয়ানীবাজারে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক শহীদুল ইসলাম সাজু’র উপর হামলা করেছে একটি রেস্টুরেন্ট মালিক ও তার সহযোগীরা।

রোববার (১৪ জুলাই) বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডের জিম্মি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত রেস্টুরেন্ট মালিক জসিম ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।

জানা যায়, ১১ জুলাই বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ নিয়ে প্রতিবেদন করায় রেস্টুরেন্ট মালিক জসিম রোববার সাজুকে মোবাইলে কল দিয়ে ডেকে নেন তার রেস্টুরেন্টের সামনে।  সেখানে গেলে রেস্টুরেন্টের বাইরে তাজ উদ্দিনসহ আরও কয়েকজন সাজুকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। এসময় একটি লাঠি দিয়ে তাকে আঘাত করেন থাকে জসিমসহ অন্যান্যরা। আহত অবস্থায় সাজুকে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা দেন।

সাংবাদিক শহীদুল ইসলাম সাজু বলেন, মোবাইল আমাকে ডেকে নেন জসিম উদ্দিন। রেস্টুরেন্টের বাইরে তিনি আমাকে একটি চেয়ারে বসিয়ে নিউজ কেন করলাম জানতে চান। আমি কোন কিছু বোঝার আগেই মারধর শুরু করেন। এক পর্যায়ে চেয়ারের পেছন দিকে তাজ উদ্দিনসহ আরো কয়েকজন আমাকে ধরে রাখে এবং জসিম উদ্দিন একটি লাঠি দিয়ে আমার শরীরে আঘাত করতে থাকেন। এ ঘটনায় সিনিয়রদের সাথে আলোচনা করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার (ওসি তদন্ত) জাহিদুল হক বলেন, সকালে আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। অভিযুক্তদের ধরতে আমরা কয়েকটি স্থানে অভিযান চালিয়েছি। সাংবাদিক সাজুর পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত